লাইসেন্স যাচাই বাছাইয়ের নামে চালকদেরকে হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত চলে সড়ক অবরোধ। এতে প্রায় ৫০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যানবাহনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
চালকদের অভিযোগ, যানবাহনের কাগজপত্র সঠিক থাকার পরেও জরিমানা করায় এই অবরোধ করা হয়েছে।
পরিবহন শ্রমিকরা জানান, গত ১৮ নভেম্বর বগুড়া-রংপুর মহাসড়কে জয়পুরহাটগামী একটি বাসের কাগজপত্র যাচাই করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। গাড়ির কাগজপত্র এবং চালকের লাইসেন্স সঠিক থাকা সত্ত্বেও জাল বলে তা তিনি ছিড়ে ফেলেন। এরপরে গাড়িটিকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবারো মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করলে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, ‘ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের নামে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এর প্রতিকার হওয়া দরকার।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মেয়াদ উত্তীর্ন কাগজ ফেরত দেওয়া হয়েছে। কাগজ ছিড়ে ফেলার অভিযোগ ঠিক নয়।’
জেআই





