লালমনিরহাট পৌরসভায় সামিউল ইসলাম শাহরুখ(১৭) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার(১২ মে) সকালে মরেদহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার(১১ মে) দিনগত রাতে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামিউল ইসলাম শাহরুখ লালমনিরহাট শহরের বসুন্ধরা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিল্ডিং ট্রেডের ছাত্র।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক(এসআই) সেলিম রেজা জানান, শাহরুখের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। শাহরুখের বন্ধুরা জানায়, পরিবারের অনুশাসনকে সে বিরক্তিকর বলে মনে করতো।

এ কারনে বৃহস্পতিবার(১১ মে) রাতে নিজ ঘরে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে সামিউল ইসলাম শাহরুখ। পরে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় তার পরিবার।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সরকার/জেড