নরসিংদীর ঘোড়াশালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল-জিনারদী রেলস্টেশনের বড়িবাড়ী নামক স্থানে আজ বুধবার বিকেলে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৪ আপ কনটেইনার ট্রেনটি ঘোড়াশাল স্টেশন অতিক্রম করার পর বড়িবাড়ী নামক স্থানে পৌঁছার পর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় চাকার ঘর্ষণে লাইনের পাথর ছিটকে পড়তে শুরু করলে স্থানীয় লোকজন তা দেখতে পান। তাঁরা চিত্কার করে থামাতে বললে চালক তাত্ক্ষণিকভাবে ট্রেনটি থামায়। এতে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
বগি লাইনচ্যুত হওয়ার সময় চাকার ঘর্ষণে রেললাইনের অনেকখানি অংশের স্লিপার ভেঙে গেছে। এতে ওই রেললাইনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে ভৈরবে মালবাহী আরেকটি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এর ঠিক ১৫ ঘণ্টা পর ঘোড়াশালে একই ধরনের ঘটনা ঘটল। পর পর ২ দিনের দুর্ঘটনায় পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচলে ব্যাপক অচলাবস্থা অবস্থা দেখা দিয়েছে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





