কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা মসফের সহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার বেলা ২টার দিকে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মসফেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভেড়ামারা-মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৬ নভেম্বর আভ্যন্তরীণ গোষ্ঠীগত ও দলীয় কোন্দলের জের ধরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ড্রাইভার নিহত হয়।

ওই ড্রাইভার নিহতের ঘটনায় মসফেরকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে প্রতিপক্ষ। হত্যাকাণ্ডের প্রধান আসামী মফসের দীর্ঘদিন পর বাড়ীতে ফিরলে সোমবার প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় মসফের, টিপু, হেলাল, স্বপন, শামীম, সোলাইমান মাষ্টারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাকি রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআইএস