ফরিদপুরের সালথা উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) রাতে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর সহাতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হবি মাতুব্বর (৩২) উপজেলা গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।
দুই বছর আগে সিংহপ্রতাপ গ্রামের হবি মাতুব্বরের সঙ্গে একই গ্রামের ওই নারীর সামাজিকভাবে বিয়ে হয়। পারিবারিক বিরোধে কারণে গত দেড়মাস আগে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে তালাক হয়ে যায়।
এরপরও তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করেন হবি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় মঙ্গলবার (২৮ জুন) রাত ১টার দিকে সাবেক স্ত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে হবি।
এসময় তার পরিবার ও প্রতিবেশীরা টের পেয়ে হবিকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবিকে গ্রেফতার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, তালাকপ্রাপ্ত স্ত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার সাবেক স্বামী হবিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তালাকপ্রাপ্ত স্ত্রী বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।
ওএফ





