সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল নামক এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে। তাকে খুঁজছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন, নিহত কনস্টেবলের নাম আকাশ আহম্মেদ (২২)। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বাসিন্দা।

সাভার হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে কনস্টেবল আকাশ আহম্মেদ কর্মস্থল নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, মাত্র কয়েক দিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরে নিজ বাড়িতে আসেন আকাশ। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন। তবে সপরিবারে আশুলিয়ার শ্রীপুর এলাকায় থাকতেন তিনি। সেখান থেকে কর্মস্থলে নিয়মিত আসা-যাওয়া করতেন।

সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন, ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

এমআর