ভারত কখনো বাংলাদেশের স্বার্থের দিকে তাকাইনি, এবারে মোদির সফরেও তার ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে একটি নিউজ পোর্টালের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে একথা বলেন।

এমাজউদ্দীন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বাংলাদেশ সফর নিয়ে অনেকে বেশ আশাবাদী হচ্ছেন, অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু আমি মনে করি ভারত আজীবন নিজেদের স্বার্থে কাজ করে। তারা বাংলাদেশের কোনো স্বার্থ দেখবে না।

তিনি বলেন, তিতাস নদী খনন করা হয়েছে। সেটি ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। ইতোমধ্যে ভারতের পক্ষে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে তারা কোনো আলোচনা করবে না।

এমাজউদ্দীন বলেন, মোদি বা যে সরকার আমাদের দেশে আসুক, সবার লক্ষ্য হওয়া উচিত কিভাবে বাংলাদেশের স্বার্থ হাসিল করা যায়।

সংবিধান প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধানে জনগণের শুধু ৫ বছর পরপর ভোট প্রদানের ক্ষমতা না দিয়ে, সংবিধানে তাদের সঠিক অধিকার নিশ্চিত করুন।

প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কথায় কথায় জঙ্গিবাদের কথা বলেন। তিনি বলেন- ভারতের মত আমাদের দেশে এত সাম্প্রদায়িক সংঘাত হয় না। মূলত এসব কথা বলে শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চাইছেন।

সবুজ বাংলা২৪.কম এর সম্পাদক আব্দুল্লাহ হিল মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কবি আল মাহমুদ, নয়াদিগান্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, অধ্যাপক খোন্দকার গোলাম মোত্তজা, ব্যারিস্টার ছায়েদুর হাসান ইকবাল প্রমুখ।

কেএইচ