গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযানে ছয় হামলাকারীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও কতজন জিম্মি নিহত হয়েছেন সে ব্যাপারে ধোঁয়াশা কাটছে না।

অস্ত্রধারীদের হামলায় জিম্মি পরিস্থিতি সৃষ্টির ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার ৯টা ১৫মিনিটে।


এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কমান্ডো বাহিনীর পক্ষ থেকে ৬ হামলাকারী নিহতের খবর জানানো হয়।এ ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযানে ছয় হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

প্রধানমন্ত্রী ৬ জঙ্গি নিহতের ব্যাপারে জানালেও কতজন জিম্মি নিহত হয়েছেন সে বিষয়ে জানাননি।

শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসানের ঘণ্টা দুয়েকের মাথায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

জিম্মিদের ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, ‘১৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি, কয়েকজন মারা গেছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’এরআগে কমান্ডো অভিযানের নেতৃত্বদানকারী এক কমান্ডারও ছয় হামলাকারীর মৃত্যুর কথা জানান।


বার্তা সংস্থা এপিকে র‌্যাব কমান্ডার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘আমরা অন্তত ছয় সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছি এবং প্রধান ভবন খালি করে দেয়া হয়েছে।’

তিনি জানান, কয়েকজন হামলাকারীকে বন্দী করা হয়েছে।জিম্মিদের ব্যাপারে র‌্যাবের এই কর্মকর্তা জানান, অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জিম্মিদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
যদিও সরকারের পক্ষ থেকে জিম্মি নিহতের ব্যাপারে পরিস্কার কিছু বলা হয়নি, তবে হামলার দায় স্বীকার করে আইএস জানায়, কমপক্ষে ২৪ জিম্মি নিহত হয়েছেন। এছাড়া আইএস রেস্তোরাঁ থেকে নিহতের ছবি প্রকাশ করে।

জেড