বিমানের টিকিটের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা।

গতকালের মতো আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার সকালেও কারওয়ান বাজারে সাউদিয়া কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন প্রবাসীরা। সেখান থেকেই বিক্ষোভকারীদের একাংশ রাজধানীর ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নেয়।

ভবনের বাইরে অবস্থান নেয়া সৌদি প্রবাসী বগুড়ার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, “আমি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ছুটিতে দেশে ফিরি। লকডাউনের কারণে যেতে পারিনি। আমার ভিসার মেয়াদ, আকামা ও কোম্পানির ছুটি শেষ হয়ে গেছে। গত ১ মাস ধরে টিকিটের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। কেউই টিকিট দিতে পারছে না।”

সাভার থেকে আসা মাইনুল ইসলাম বলেন, “আমি এ বছরের ২৮ জানুয়ারি দেশে ফিরেছি। আমার সৌদির রিটার্ন টিকিট কাটা ছিল। তবে লকডাউনের কারণে যেতে পারিনি। এখন টিকিটের তারিখ পরিবর্তনের জন্য অতিরিক্ত টাকা চাচ্ছে এজেন্সি। এগুলো সমাধানের জন্যই এখানে অবস্থান করেছি।”

সকাল সাড়ে ৮টা থেকে অবস্থান নিয়ে এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ভবনের বাইরে অবস্থান করছেন প্রবাসীরা।

এদিকে একই দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেছে প্রবাসীরা।

এমবি