ঢাকায় যুব উন্নয়ন সংসদ আয়োজিত স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরে যুবকদের সমন্বয়ে গঠিত জোন ভিত্তিক মোট ৭৭টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে ট্রফি ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রব।
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক ও দেশের প্রবীণ বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন সংসদের প্রধান সমন্বয়ক মুহাম্মদ হোসাইন কামাল এর পরিচালনায় অনুষ্ঠিত স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল জাজ মো: শাহাবুদ্দিন, বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম বাহারুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী ও যুব উন্নয়ন সংসদের কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও যুব উন্নয়ন সংসদের নির্বাহী সদস্য শামসুর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, বিশিষ্ট যুব নেতা রেজাউল করিম, আলমগীর হোসেন, আব্দুল মুনিম খান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুর রব তার বক্তব্যে বলেন, খেলাধূলাকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে। খেলোয়াড়েরা দেশের এম্বাসেডর। তারা বিদেশের মাটিতে দেশের পতাকাকে সম্মুন্নত রাখেন, তাই এসব খেলোয়ারদের মূল্যায়ন করতে হবে। টেন্ডারবাজী চাঁদাবাজী মুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই। খেলোয়াড়দের জন্য প্রত্যেক জেলায় জেলায় নির্দিষ্ট মাঠ তৈরি করে দেওয়া উচিৎ। সরকারের কাছে দাবী জানাই দেশের তরুণ যুব সমাজের মন ও মানসিকতার উন্নয়নের প্রয়োজনে মহল্লায় মহল্লায় খেলার মাঠ করে দিতে হবে। আর্থিক সহযোগিতা করার মাধ্যমে খেলাধূলার পরিবেশ নিশ্চিত করতে হবে। শুধু খেলার মাঠে নয় মানসিক ভাবেও প্রত্যেকের মাঝে বুদ্ধির খেলা উম্মুক্ত করে দিতে হবে। তবেই তো সমাজে ধর্ষণ কমে যাবে।
তিনি বলেন, খেলাধুলা স্বাস্থ্য ও মন ভালো করে। বাস্তব জীবনে শারীরিক খেলাধুলার অনেক গুরুত্ব রয়েছে। সকল প্রতিযোগিতায় শৃঙ্খলা এবং হার-জিত মেনে নেওয়া এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। সেই সাথে সুস্থ্য সবল দেহ গঠনের মাধ্যমে ব্যক্তিজীবনে খেলাধুলায় যে যত বেশি সম্পৃক্ত হবে সে তত ভালো কর্মী হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি সকলকে আহবান জানিয়ে বলেন জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ্য সাংস্কৃতিক কর্মকা-ের ওপর গুরুত্বারোপ করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নিজেকে মেলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আলমগীর মহিউদ্দিন বলেন, আমরা এখন জটিল জীবন অতিবাহিত করছি। আর্থিক সহযোগিতার মাধ্যমে পিছনে থেকে হলেও খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশের ভবিষ্যত নাগরিকদের সুঠাম সবল করে গড়ে তুলতে হবে। আসলে যারা প্রকৃত বুদ্ধিমান তারা শারীরিক ও মানসিক ভাবে দক্ষ হয়ে থাকেন। এভাবেই জাতীয় পরিসরে সৎ দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তবেই তো আমরা জাতি হিসেবে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হবো। যুব উন্নয়ন সংসদের ভবিষ্যতে এজাতীয় খেলাধূলার আয়োজনে আমরা আরও বেশি উদ্যোগী হবো সেই আশা রাখি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক তরুণ যুবকের উচিৎ সাধারণ জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক ভাবে সুস্থ্য থাকার জন্য হলেও নিয়মিত ব্যয়াম বা খেলাধূলা করা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক দূর এগিয়ে গেছে, আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড়রা অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। এখানে যারা উপস্থিত তারাও চাইলে একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় হবে বলে আমরা বিশ্বাস করি। যারা বিগত মার্চ মাস জুড়ে স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে যুব উন্নয়ন সংসদের আয়োজনটি সফল করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন “(এস কে এফ) খিলগাঁও স্পোর্টিং ক্লাব” দলকে চ্যাম্পিয়ন ট্রফি ক্রেস্ট প্রদান করেন, রানার্স আপ “সবুজবাগ উত্তর” দলকে রানার্স আপ ট্রফি ক্রেস্ট প্রদান করেন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার বিজয়ী হয়েছেন সবুজবাগ উত্তরের খেলোয়াড় আরিয়ান রাসেল। এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাচ সমূহের জোন ভিত্তিক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সমূহকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের হাতে উপহার ও বই সামগ্রী তুলে দেন অতিথিরা।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





