মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের সেনাবাহিনীর হামলার কারনে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবাহী ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার রাত নয়টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত নাফ নদীর ৩টি পয়েন্টে রোহিঙ্গাদের ৪টি নৌকা ফেরত পাঠায় বিজিবি।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর ভাষ্য, রোহিঙ্গাবোঝাই চারটি নৌকার প্রতিটিতে ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। বিজিবির বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়েছে।

মিয়ানমার সরকারের মদদে ২০১২ সালে রাখাইন রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। সে সময় বৌদ্ধ উগ্রবাদীরা প্রায় সোয়া লাখ রোহিঙ্গা মুসলমানকে বাস্তুচ্যুত করে।

তারপর ২০১৩ ও ২০১৪ সালে আরও কয়েক দফায় সেখানে রোহিঙ্গাদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা চলে। সম্প্রতি রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে মিয়ানমারের নেত্রী অং সান সু চি দাবি করেছেন, রাখাইনের পরিস্থিতি ইতিমধ্যেই তাঁর সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তাঁর দাবি, রাখাইনে শুধু মুসলমানরাই উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে তা নয়, সেখানকার রাখাইন জাতিগোষ্ঠীও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

এমবি