কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্তত ৭টি মামলা রয়েছে। এই ঘটনায় চান্দিনা থানার ওসিসহ পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।

আজ (০১ ডিসেম্বর) রোববার ভোররাত পৌনে ৩টায় চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর সীমানার তুলাতলী কড়াইগাছ তলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দেলু (৩৬) চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতদল তুলাতলী-শ্রীমন্তপুর ও এতবারপুর সীমানার নীরব স্থানে একটি কড়াই গাছের নিচে সংঘবদ্ধ হয়। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও ওসি আবুল ফয়সল এর নেতৃত্বে ডাকাতদের ধরতে ওই স্থানে হানা দেই।

তিনি আরও জানান, ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশও ২৫ রাউন্ড গুলি ছুড়ে। গোলাগুলির ডাকাতদের এক পর্যায়ে এলোপাথারী গুলিতে ডাকাত সর্দার দেলোয়ার গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি)সহ ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৩টি ছেনি, ১টি দরজা ভাঙার শাবল ও ১টি তালা ভাঙার শাবল উদ্ধার করা হয়েছে। এসময় আহত হন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল, উপ-পরিদর্শক আহাদুজ্জামান, কনস্টেবল রেহান উদ্দিন ও সায়েম খান।

এমবি