জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।

কিশোর অপরাধ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাং দমনে গত ১৫ দিনে ছয় দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে কুমিল্লার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ২ হাজার ২৯১ জন সন্দেহভাজন কিশোর ও তরুণকে আটক করেছে।

এস