ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে ভোট শেষ হয়েছে বিক্ষিপ্ত গোলযোগ ও জালিয়াতির অভিযোগের মধ্য দিয়ে।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর, যশোর সদরের চাঁচড়া এবং চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের গোলাগুলির মধ্যে প্রাণ গেছে এক শিশুসহ চারজনের।
মাদারীপুর সদর উপজেলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নাটোরের লালপুরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক যুবক।
জামালপুরের মেলান্দহে কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়েএক যুবকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নেও। সেখানে আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত ২০ জন।
এছাড়া ভোটের আগের রাতে যশোর সদরের লেবুতলা ইউনিয়নে বোমা তৈরির সময়বিস্ফোরণে দুই যুবকের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
কুমিল্লার বরুড়া উপজেলার আরিফপুর ইউনিয়নেও একটি কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে ভোটের সময়। হামলা করা হয়েছে বিএনপির প্রার্থীর ওপর। আদ্রা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর চাচার বাড়ি থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ওই প্রার্থীর ছেলেসহ ১৬ জনকে আটক করা হয়েছে।
যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার জেরে তিন সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আটক হয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ চারজন।
চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও গোলযোগের কারণে ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
দ্বিতীয় ধাপের ভোট তথ্য
# ভোট হচ্ছে ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে। ভোটকেন্দ্র ৬ হাজার ২০৫টি ও কক্ষ ৩২ হাজার ২১টি।
# মোট চেয়ারম্যান প্রার্থী দুই হাজার ৬৬২ জন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৪৯৩ জন ও স্বতন্ত্র এক হাজার ১৬৯ জন।
# সাধারণ সদস্য পদে ২১ হাজার ২৫৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন লড়ছেন।
# ভোটার ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ৫৬ লাখ ৩০ হাজার ২৩২ জন ও নারী ৫৫ লাখ ৮৪ হাজার ৭০৭জন।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই লাখের মতো সদস্য নিয়োজিত রয়েছেন ভোটের নিরাপত্তায়।
প্রথম ধাপের ভোটে সহিংসতা-অনিয়মের ঘটনায় সমালোচিত ইসি এবার চরম ব্যবস্থারনির্দেশ দিয়ে রেখেছিল।
সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যায় ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামিগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে।
ভোট শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য ইসিতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল।
দুই পর্বের ভোটে নিজেদের অসন্তোষ জানিয়ে বিএনপির যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, আগামী এক ধাপের ভোট দেখবেন তারা। একই অবস্থা চললে পরের তিন ধাপ বর্জনের কথা ভাবতে হবে তাদের।
বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে বলে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি।
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হওয়ায় স্বাভাবিকভাবেই মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষের মধ্যে। অবশ্য সব মিলিয়ে মোট ১৭টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এই পর্বের ইউপি নির্বাচনে।
এমআইএস/ওএফ





