লালমনিরহাটের আদিতমারীতে গনপিটুনীতে ওসমান আলী(৫০) নামে এক গরু চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে আদিতমারী থানা পুলিশ।
ওসমান আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ভেটেশ্বর গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে পাশ্ববর্তি কালীগঞ্জ উপজেলার তেতুল তলা গ্রামের ভিক্ষুক ছকির উদ্দিনের এনজিও থেকে প্রাপ্ত একমাত্র সম্বল গরুটি চুরি করে পালাচ্ছিল চোর ওসমান। এসময় গরু মালিক ছকির উদ্দিনের আত্নচিৎকারে এলাকাবাসী ছুটে এসে চোর ওসমানকে আটক করে গনপিটুনী দেয়।
পরে চোর ওসমানের পরিবারের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ নিজ বাড়ি থেকে চোর ওসমানের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান ঘটনাস্থল তদন্ত করেন।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
জেআই





