টাঙ্গাইলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শিউলী খাতুন, মা সালেহা ও বাবা সোহরাব। এই ঘটনায় আহত তার বোন হাজেরাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: কামাল হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকা পার হওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালকসহ ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এমবি