চট্টগ্রামে প্রতিবেশী বিশ্বনাথ দেবের লোহার রডের আঘাতে চন্দন বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের পাহাড়তলি থানার দক্ষিণ কাকতলির লবণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
প্রতিবেশীদের তথ্যের বরাত দিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েলের দেওয়া ভাষ্য, গতকাল রাতে বিশ্বনাথ দেব (৫০) বাসায় ফিরে চেঁচামেচি করছিলেন। প্রায়ই তাঁর বাড়িতে ঝগড়া হয়। এ সময় প্রতিবেশী চন্দন (৪৫) সেখানে গিয়ে ঝগড়ার কারণ জানতে চান। এতে রেগে গিয়ে বিশ্বনাথ লোহার রড দিয়ে চন্দনের মাথায় আঘাত করেন।
আরেফিন জুয়েল বলেন, গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চন্দন মারা যান।
পুলিশ গতকাল রাতেই বিশ্বনাথকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে চন্দনের লাশের ময়নাতদন্ত করার প্রস্তুতি চলছে।
এমআর





