নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের কাঁচপুর ব্রিজে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা উদ্বোধনকালে শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাত খুনের ঘটনার তদন্ত একটি বিচারিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না। আমরা কি করেছি সেটার স্বচ্ছতা রয়েছে। আন্তরিকতারও কমতি নেই। সত্য উদঘাটন হবে। ইতিবাচক ফলাফলও আসবে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভুলতা অংশে অত্যাধুনিক প্রযুক্তির আইপি ক্যামেরার উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন। এ দু’টি স্থানে ৪টি করে ৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসময় আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (অপরেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন প্রমুখ।
জেআই,





