নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুই যুবককে গানপাউডারসহ আটক করেছে পুলিশ। পাউরুটির প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় তারা গানপাউডার বহন করছিল।
আটক দুই যুবক হলেন- আবু সাঈদ (২৫) ও হাইউল মিয়া (২৮)। তারা ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহার হোসেন জানান, দুই যুবক একটি বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসে। শহরের চাষাঢ়ায় বাস থেকে নামার পর ওই দুই যুবকের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করা হয়।
তিনি আরও জানান, তল্লাশির সময় তাদের সঙ্গে থাকা পাউরুটির প্যাকেটের ভেতরে রুটির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গানপাউডার উদ্ধার করা হয়।
নাশকতার জন্যই গানপাউডার বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
এসআই মাজহার হোসেন জানান, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।
জেআই





