টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
আজ (১৯ জানুয়ারি) রোববার বেলা পৌনে ১২টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। এতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসে ইজতেমা ময়দানের দিকে।
মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা জামশেদ।
ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে।
কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পগনরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৫তম আয়োজনের দ্বিতীয় পর্ব।
এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক দিয়ে বাস, ট্রাক, পিকআপসহ বিকল্প যাত্রা ট্রেন ও নৌকা দিয়ে নিজেদের ইজতেমা ময়দানে হাজির করছেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নানা কষ্ট সহ্য করেও ময়দানে আসছেন আখেরি মোনাজাতে শরিক হতে।
গত ০৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ মাগরিব ভারতের মওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্যে দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ান করেন পাকিস্তানি মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।
এরপর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রাক-বয়ানে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। যা রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের জন্য।
এমবি





