যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াতের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী মন্ত্রিসভার আগামী বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। আগামী ২৭ অক্টোবরের ওই বৈঠকে সংশোধনীটি মন্ত্রিসভায় যাওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।

রোববার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে  ‘জুডিশিয়াল মেডিয়েশন স্কিলড ট্রেনিং ফর অ্যাক্টিভ জাজ’ অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

সংবিধানের আর্টিকেল ৪৯-এর (রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমা) দোহাই দিয়ে যাতে কোনো মানবতাবিরোধী অপরাধী পার পেয়ে  যেতে না পারেন, সে বিষয়ে  সরকারের চিন্তা-ভাবনা আছে বলেও জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে,  এ ‘আর্টিকেল ৪৯’র মাধ্যমে যুদ্ধপরাধীদের ক্ষমা করে দেওয়া হবে দুঃখজনক। কোনো রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন তবে সেটাও দুঃখজনক বিষয় হবে।

আইনমন্ত্রী বলেন,  এ বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হবে তা যেন আইন ও সংবিধান পরিপন্থি না হয়।  তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করেই করতে হবে।

এএইচ