স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেক মানুষ করোনার ভ্যাকসিন পাবে। করোনাভাইরাসের টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-২-এ দেশের ১১৫তম আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমাদের আরো কাজ করতে হবে এবং সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আপনারা জানেন করোনায় বর্তমানে মৃত্যুর সংখ্যা ১৫ থেকে ২০ এসে দাঁড়িয়েছে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।’
‘করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই স্বাস্থ্য বিভাগের সমালোচনা করলেও এখন আর করে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনাকে মোকাবিলা করতে হবে’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রকল্প পরিচালক ডা. খান মোহাম্মাদ আরিফ, কর্নেল মালেক মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. ইসতিয়াক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ্, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. এরফান আনসারী, বিএমএ ও চিকিৎসক সমিতির প্রতিনিধিরাসহ নবনিযুক্ত চিকিৎসক ও নার্সরা।
এমআর





