মো. আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার চার ছিটমহলে জনগণনা সোমবার শুরু হচ্ছে। চলবে ১৭ জুলাই পর্যন্ত।
এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজ প্রণয়নের কাজ চলছে। মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে চারটি ছিটমহলে পাঁচটি কেন্দ্র স্থাপনের কাজও শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও ছিটমহলে নানা উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিকভাবে স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ শুরু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা আরডিআরএস। এ ছাড়া দুই ছিটমহলে প্রাথমিক বিদ্যালয় ও রাস্তা মেরামত এবং তিনটিতে কালভার্ট তৈরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডির তালিকা প্রণয়নের কাজ চলছে।
ছিটমহলের উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় বড় খানকিবাড়ি খারিজা, ভালুক বড়খানকা খারিজা, গীতালদহ ও জিগাবাড়ী ছিটমহলে চলছে বাধভাঙ্গা আনন্দ উল্লাস।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, ছিটমহলে জনগণনা সোমবার শুরু হবে। ছিটমহলে বসবাসরতদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কাজ চলছে। এ সময়ের মধ্যে গণনাকারীরা ছিটের বাড়ি বাড়ি গিয়ে গণনা করবেন।
এর আগে ২০১১ সালের ১৫ জুলাই ভারত-বাংলাদেশের অভ্যন্তরে ১৬২টি ছিটমহলে একযোগে আদমশুমারি শুরু হয়ে ১৮ জুলাই শেষ হয়। ওই গণনায় ডিমলা উপজেলার অভ্যন্তরে চারটি ছিটমহলে ১২৭টি পরিবারের জনসংখ্যা ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ২৭২ ও নারী ২৬০ জন।
জেআই





