গোপালগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিষয়ের শিক্ষক।

শনিবার বিকালে স্কুল পরিচালনা কমিটি তাকে বরখাস্ত করেছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম।

শুকতাইল ইউপি চেয়ারম্যান শেখ মো. আবেদ আলী বলেন, ওই শিক্ষক শুকতাইল গ্রামের একটি বাড়িতে লজিং থাকতেন।

এই সুযোগে ওই বাড়ির এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে এবং তা মোবাইলে ধারন করে মেয়েটিকে হয়রানি করে আসছিল।

সম্প্রতি ওই শিক্ষক গ্রামের বাড়ি গেলে তার স্ত্রী ভিডিওটি দেখে এবং ছাত্রীর এক প্রতিবেশির মোবাইলে তা দিয়ে দিলে গ্রামে তোলপাড় শুরু হয় বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, ‘শনিবার শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন। ওই অনুষ্ঠানে শিক্ষক মামুনের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী।’

‘অভিযোগ পেয়ে তাকে বরখাস্ত করতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম ফকির ও প্রধান শিক্ষক শাহিদুল ইসলামকে নির্দেশ দেন ইউএনও।’

পরে ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বলে জানান তিনি।

প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম বলেন,এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ও ইউএনওর নির্দেশে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

এমকে