সেন্ট মার্টিনের অদূরে গভীর সমুদ্রে জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ১২ জনকে।

বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ নিরবচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে এফবি মিনসন্ধানী নামের ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়। বুধবার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর সূত্রে জানা যায়, সেন্টমার্টিনের কাছে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিন সন্ধানি নামের একটি ফিশিং ট্রলারে থাকা ২৪ জন জেলেসহ বুধবার ভোরে ডুবে যায়। সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃতদের টেকনাফে স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়। তবে উদ্ধার হওয়া মৃতদেহ গুলোর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদুল আলম জানান, খবর পেয়ে অপর একটি নৌবাহিনীর জাহাজ অপরাজেয় দ্রুততার সাথে উদ্ধার কাজে যোগ দেয়।

নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এএস