পাবনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
সোমবার বিকালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) গাজী রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্তরা কাঠগড়ায় ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা শহরের দিলালপুর এলাকার ছগির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩২) ও মুজাহিদ ক্লাব এলাকার আক্কাস আলীর ছেলে শফি মিয়া (৩০)। এরা দু’জনেই পাবনা শহরের রূপকথা সড়কের একটি আবাসিক হোটেলের কর্মচারী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ধর্ষিতা গৃহবধূর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। ২০০২ সালের ৬ মে তার স্বামীকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ১১ মে স্বামীকে দেখতে সন্তান ও দেবরকে সঙ্গে নিয়ে পাবনায় আসেন ওই গৃহবধূ (২৮)। আসতে বিলম্ব হওয়ায় রাতে তারা পাবনা শহরের রূপকথা সড়কের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করেন। ওই রাতে জামাল উদ্দিন ও শফি মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার দেবর ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্য রুমে আটকে রাখা হয়।
এ ঘটনায় তার দেবর বাদী হয়ে একই বছরের ১৩ মে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে জামাল উদ্দিন ও শফি মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করে আদালত।
কেএইচ





