বঙ্গোপসাগরে কক্সবাজারের পাঁচটি ট্রলারসহ ৫০ জেলে অপহরণের ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন অপহৃত জেলে পরিবারের সদস্যরা।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব ট্রলার দস্যুদের কবলে পড়ে।
ডাকাতির শিকার তিনটি ট্রলারসহ ৩০ জেলে ফিরে এলেও অপহৃত পাঁচটি ট্রলারসহ ৫০ জেলেকে এখনও উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জেলাব্যাপী তোলপাড় শুরু হয়েছে।
এদিকে, পরিবারের উপার্জনক্ষম অপহৃত হওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেনে এসব পরিবারের সদস্যরা। মুক্তিপণ দূরে থাক, সংসার চলবে কিভাবে এ চিন্তায় উৎকণ্ঠায় রয়েছেন তারা।
কক্সবাজার সমিতি পাড়া এলাকার অপহৃত জেলে আব্দুল শুক্কুরের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার পরিবারের একমাত্র আয়ের উৎস সাগরে মাছ শিকার। মাছ শিকার করেই চলে তাদের পরিবার। বঙ্গোপসাগরে তার স্বামী অপহরণ হওয়ায় সম্পূর্ণ অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
যত দ্রুত সম্ভব অপহৃত ৫০ জেলেকে জীবিত উদ্ধার করতে সরকার ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছে জেলে পরিবারের সদস্যরা।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতেরা এফ বি শাহ মজিদিয়া, এফবি ফারিয়া, এফবি লিলি, এফবি আল্লাহর দান ও এফবি সুমা ফিশিং ট্রলারসহ ৫০ জেলেকে ধরে নিয়ে গেছে।
এর প্রতিবাদে রোববার সমিতির জরুরি সভায় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে কক্সবাজার কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাইদুর রহমান জানান, বঙ্গোপসাগরের কক্সবাজার, কুতুবদিয়া ও মহেশখালীর সোনাদিয়া মোহনায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এএইচ





