ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী একথা জানিয়েছেন।

তিনি জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় তা স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পারের জন্য যেসব গাড়ি অপেক্ষমাণ আছে, ঘণ্টাখানেকের ভেতর সেগুলো পার করতে পারবো।

এমএম