করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। রাজধানীর লালবাগ এলাকায় কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বাসা থেকে বাইরে বের হওয়ায় ৮০ জনকে আটক করে পুলিশ।
আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, সরকারি বিধিনিষেধ পরিপালনে লালবাগের বিভিন্ন পয়েন্টে চকবাজার, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, কামরাঙ্গীচর ও বংশাল এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় ৮০ জনকে আটক করা হয়েছে লালবাগের বিভিন্ন স্থান থেকে।
এবিএস





