মানবপাচারের সঙ্গে যারা জড়িত তাদের কেউই দৃষ্টান্তমুলক শাস্তি পায়নি, এ জন্য মানবপাচার থামছে না বলে মন্তব্য করেছে মানবাধিকার কর্মীরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউনাইটেড ন্যাশনের ঘোষণা অনুযায়ী বিশ্ব মানবপাচারের শিকার ব্যক্তিদের সহমর্মিতা প্রকাশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
ইউএসএআইডি ও উইনরক যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। এছাড়া সভায় আরো ১৩টি সংস্থা অংশগ্রহণ করে।
সভায় রাইট যশোরের প্রোগ্রাম ম্যানেজার সরোয়ার বলেন, বিদেশে কাজে যাওয়ার বিষয়ে সরকারের প্রক্রিয়া খুবই ধীর গতির। যে কারণে বেকার যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাচ্ছে।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার জন্য যে কারিগরি শিক্ষা, গাড়ির লাইসেন্স সরকারি ভাবে দেয়া হয়, সেই প্রক্রিয়াগুলো খুব জটিল। এ কারণে ও মানুষ দালালদের সহায়তা নিচ্ছে বেশি।
প্রফেসর করিমুল্লাহ বলেন, চলতি বছরের মে মাস থেকে মানবপাচারের মাত্রা বেশি দেখার কারণ বিচারহীনতা। মিডিয়ায় যেভাবে মানবপাচার প্রকাশ পাচ্ছে সরকার সেভাবে অগ্রনী ভুমিকা নিচ্ছে না।
তিনি আরও বলেন, ১৯৯৫ সাল থেকে মানবপাচার শুরু হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত বন্ধ হয়নি। এ সমস্যা হঠাৎ আলোচনায় আসে আবার থেমে যায়।
আলোচনা সভায় অংশ নেন ব্র্যাক, সেইভ দ্যা চিল্ড্রেন, প্ল্যান, বঙ্গ, শিশুক ইউএনওডিসি,ইউএসএইড’র প্রতিনিধিরা।
এমএ/এআই





