২০১১ সালের জানুয়ারিতে দু’দেশের সম্মতি অনুযায়ী তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করতে নয়াদিল্লীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আজ রোববার ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির আলোচনার পর এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, মোদির সাথে আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। নরেন্দ্র মোদি বলেছেন, এ ব্যাপারে দ্রুত চুক্তি সম্পাদনে তার সরকার ভারতে সংশ্লিষ্ট সবার সাথে কাজ করছে।
এতে আরও বলা হয়, দুই প্রধানমন্ত্রী ফেনী, মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর মতো অভিন্ন নদীর পানি বণ্টন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
দুই প্রধানমন্ত্রী বাংলাদেশে ভারতের একটি কারিগরি দলের সফর, গঙ্গা বাঁধ প্রকল্প সংক্রান্ত জয়েন্ট টেকনিক্যাল সাব-গ্রুপ গঠন এবং উজান এলাকায় নৌ সীমান্তে সমীক্ষাকে স্বাগত জানিয়েছেন। দুই নেতা অবিলম্বে বৈঠকে বসতে সাব গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। উভয় পক্ষের অব্যাহত আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন।
বিবৃতিতে বলা হয়, উভয় নেতা সন্ত্রাসকে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রতি সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার করেন। দুই প্রধানমন্ত্রী নিরাপত্তা ইস্যুতে উভয় দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। তারা সম্প্রতি ভারত ও বাংলাদেশে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
দুই প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে এবং এতদঅঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উভয় দেশের আইন প্রয়োগকারী, গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির দৃঢ় সংকল্পও প্রকাশ করেন তারা।
তারা চোরাচালান, জাল মুদ্রা নোট প্রচার এবং মাদক পাচার রোধে উভয় দেশের মধ্যকার সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে তারা দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে স্বাক্ষরিত এমওইউ’র প্রশংসা করেন। দুই প্রধানমন্ত্রী সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) কার্যকর বাস্তবায়ন নিয়েও মতবিনিময় করেন।
অপরাধ মুক্ত একটি সীমান্ত নিশ্চিতকরণে সিবিএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা সীমান্তে নিহতের সংখ্যা শূন্য পর্যায়ে নিয়ে আসার ব্যাপারে তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উভয় নেতা বিজিবি’কে সীমান্ত চৌকি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ভারতের সীমান্ত সড়ক ব্যবহারে বিএসএফ ও বিজিবি’র মধ্যে স্বাক্ষরিত এসওপি চুক্তির প্রশংসা করেন। এ চুক্তির ফলে বিজিবি প্রত্যন্ত এলাকাগুলোতে চিকিৎসা সুযোগ সুবিধাও পাবে।
দুই নেতা পরস্পরের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে একমত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে এই সহযোগিতার সূচনা হয়।
তারা বলেন, গত বছরের নভেম্বরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ সফর করেন। প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশিক্ষণ ও সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার ও সংহত করার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন। দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা, ডিফেন্স লাইন অব ক্রেডিট এবং বিভিন্ন প্রতিরক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে এমওইউ সম্পন্নকে স্বাগত জানান।
তারা ২০১৫ সালের জুনে স্বাক্ষরিত কোস্টাল শিপিং এগ্রিমেন্টকেও স্বাগত জানান। তারা বলেন, এর ফলে কানেকটিভিটির উন্নতি হচ্ছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হচ্ছে।
এমবি





