বহুল আলোচিত স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সময় এ পর্যন্ত চার দফায় বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ একধাপেই বাড়ানো হয় দেড় বছর। অর্থাৎ প্রকল্পটির সময়সীমা নির্ধারিত হয়েছে জুন ২০২১ সাল। যা আগে নির্ধরিত ছিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর।

জনগণের জন্য প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যে উন্মুক্ত করতে হবে মর্মে শর্ত জুড়ে দিয়ে চতুর্থবারের মতো অনুমতি দিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এর পরে পদ্মাসেতু প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থাটি।

সূত্র জানায়, চলতি বছরের ২৯ আগস্ট আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের-২ (পরিবহন) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেতুর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর পরিবীক্ষণ প্রতিবেদনও জারি করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানোর প্রস্তাব আসে আইএমইডিতে।

আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান বলেন, ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে এর পরে মেয়াদ বাড়ানোর ক্ষমতা আর আমাদের হাতে নেই। তবে আশা করছি প্রকল্পের অগ্রগতি ভালো। এই সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। সরকারের অন্যতম অগ্রাধিকার এ প্রকল্প। তাই যথাসময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথমে ২০০৭ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন মেয়াদে প্রকল্পটিসম্পন্ন হওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। এরপরে সময় বেড়ে দাঁড়ায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। আবারও ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পযর্ন্ত সময় বাড়ানো হয়। সবশেষ ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পটির সময় বাড়ানো হচ্ছে।

চতুর্থবারের মতো বেঁধে দেওয়া সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ও যুগ্ম-সচিব দেওয়ান সাঈদুল হাসান বলেন, ২০২১ সালের জুনে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হবে। এই তারিখ মাথায় রেখেই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আশাকরি নির্ধারিত তারিখেই পদ্মাসেতু জনগণের জন্য উন্মুক্ত করা হবে।

 এম বিল্লাহ