চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে শহরে নিয়ে আসেন দুই নারী।

এর পর নগরীর একটি ভাড়া বাসায় আটকে রেখে দুই তরুণীকে বাধ্য করানো হয় দেহ ব্যবসায় লিপ্ত হতে। দীর্ঘ ২১ দিন এমন বন্দী জীবন কাটানোর পর পুলিশি অভিযানে উদ্ধার কয়েছে দুই তরুণী। গ্রেফতার করা হয়েছে ওই দুই নারীকে।

দুই তরুণীর একজনের বয়স ২৩, অপরজন ২১। বাড়ি বান্দরবান পার্বত্য জেলায়।

গ্রেফতারকৃত দুই নারী হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার গুড়াখালী গ্রামের আবু তালেবের স্ত্রী লতিফা বেগম (৩০) এবং একই এলাকার জনৈক লিটনের স্ত্রী পারভিন আক্তার (২৬)।

চট্টগ্রামে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, বান্দরবান পার্বত্য জেলা থেকে দুই তরুণীকে ভালো চাকরি দেয়ার প্রলোভন দিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে আসে লতিফা ও পারভিন।

পরে এই দুই তরুণীকে চরলক্ষ্যা ইউনিয়নের একটি ভাড়া বাসায় আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। গত ২১ দিন ধরেই ওদের ওপর চলছিলো এমন অমানবিক অত্যাচার।

গত শুক্রবার তরুণীদের কাছে খদ্দের হিসেবে যাওয়া এক ব্যক্তির মাধ্যমে পুলিশকে খবর পাঠাতে সক্ষম হন তরুণীদ্বয়।

তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় চরলক্ষ্যার একটি বাসা থেকে তরুণীদের উদ্ধার করে পুলিশ। একই সাথে গ্রেফতার করা হয় দেহ ব্যবসায় বাধ্য করানো দুই নারীকে।

উদ্ধারের পর দুই তরুণী পুলিশের কাছে বর্ণনা করেছে, গত ২১ দিন ধরে চলা অত্যাচার নির্যাতনের কাহিনী। গ্রেফতারকৃত দুই নারী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমদ জানান, এই ঘটনায় উদ্ধারকৃত তরুণীদের একজন গ্রেফতারকৃত দুই নারী ও তাদের স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের দায়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামী দুই নারীর স্বামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএইচ