রাজশাহীর তানোরে বিদ্যালয়ের টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে ম্যায়তী মুরমু (৬) নামের এক আদিবাসী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো, মিঠুন সরেন (৭) ও সারতী হাসদা (৬)।এই তিন শিশুই উপজেলার বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয় হতে চোরখৈর পর্যন্ত পাঁকা রাস্তা তৈরির কাজ চলছে। এ কাজে ব্যবহৃত এক ট্রাক বালু বিদ্যালয়ের বাথরুমের দুর্বল সেফটি ট্যাংকের উপরে রেখে রাস্তা নির্মাণ করেন ঠিকাদারের লোকজন।

শনিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফেরার পথে তিন আদিবাসী শিশু শিক্ষার্থী খেলতে শুরু করে। এ সময় তারা বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকের উপরে রাখা বালুর উপর দিয়ে যেতে থাকলে হঠাৎ করে সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে এক শিশু ভেতরে পড়ে যায়।

এসময় তার সঙ্গে থাকা অপর দুই শিশু তাকে উদ্ধার করতে গেলে তারাও ট্যাংকের মধ্যে পড়ে যায়। পরে শিশুদের চিৎকারে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ওই তিন শিশুকে উদ্ধার করে।

এদের মধ্যে ম্যায়তী মুরমু ঘটনাস্থলেই মারা যায়। আহত শিশু মিঠুন ও সারতীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ স্বজনরা নিয়ে গেছে।

এমএ