চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। নির্বাচিত হওয়ার ১০মাস পর হাইকোর্টের নির্দেশে আজ মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নির্দেশ মোতাবেক সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ সাইদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই সদর মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ মেয়রকে গ্রেফতারের জন্য পৌর ভবন ঘেরাও করে মেয়রকে অবরুদ্ধ করে রাখে।
এক পর্যায়ে বেলা সোয়া ১টার দিকে মেয়র তার চেম্বার থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলে পুলিশ জানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এসময় তার আইনজীবী পুলিশকে জানান, ওই মামলায় আত্মসর্মণের জন্য তিনি আদালতে যাচ্ছেন। পরে তিনি পুলিশ প্রহরায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী’র আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গত ১আগস্ট গভীর রাতে সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম মন্ডলপাড়ায় নাশকতা চালানোর গোপনসভা করার সময় বিপুল সংখ্যক ককটেল ও আধাকেজি গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে।
পরে ওই ঘটনায় ২৩জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০জনকে আসামী করে এসআই আমিনুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার নামীয় আসামী মেয়র জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
নাজিব





