বাগেরহাটের মোড়েলগঞ্জ খারুইখালী সার্বজনীন সেবাশ্রম ও যোতিন্দ্রনাথ স্মৃতিসংঘের প্রতিমা ভাঙচুরের অভিযোগে সোহাগ শরীফ (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি।
শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। আটককৃত সোহাগ খারুইখালী গ্রামের রুস্তুম শরীফের ছেলে।
খারুইখালী সার্বজনীন সেবাশ্রম ও যতীন্দ্র স্মৃতিসংঘের সভাপতি ডা. দ্বিজেন্দ্র নাথ হালদার বলেন, 'শুক্রবার ভোর ৫টার দিকে সেবাশ্রমে ভাঙচুর হওয়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে সেবাশ্রমে যায়। সেখানে গিয়ে তারা দেখে স্থানীয় সোহাগ নামে এক যুবক সেবাশ্রমের ভেতরে দাঁড়িয়ে প্রতিমা ভাঙচুর করছে। প্রতিবেশীরা ওই সেবাশ্রমে পৌঁছার আগেই ওই যুবক দেবীদূর্গা প্রতিমার মাথা, লক্ষ্মীর মুখ, গণেশের সুর এবং অসুরের বাম হাত ভেঙে ফেলেছে। পরে তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই যুবক সেবাশ্রমের প্রতিমাগুলো ভাঙচুর করে। তবে এ সময়ে সোহাগের সঙ্গে আর কেউ ছিল কিনা তা স্থানীয়া দেখেননি।'
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'মন্দিরে ভাঙচুরের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরির্শদন করেছে। আলামতসহ আটককৃত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
ইআর





