রাজধানীর উত্তরায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ মা সুমাইয়া আকতারকে (৩৫) সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্ট নেয়া হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টায় রাজধানীর মোহাম্মদপুরের বেসরকারি সিটি হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন সুমাইয়াকে ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে নেয়া হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা যুগান্তরকে জানান, বর্তমানে সুমাইয়ার শুধু হৃদপিণ্ড সচল আছে। বাকি সব অঙ্গ-প্রতঙ্গ নির্জীব। যে কোনো সময় তার মৃত্যুর আশংকা রয়েছে।
সর্বশেষ চেষ্টার পর সুমাইয়ার পরিবারের সঙ্গে কথা বলে তার তত্ত্বাবধায়ক চিকিৎসক অধ্যাপক ডা. শহীদুল বারী লাইফ সাপোর্ট খুলে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান কর্তব্যরত চিকিৎসকরা।
গত ২৬ ফেব্রুয়ারি ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় রান্নাঘরে গ্যাসলাইন বিস্ফোরিত হয়।
এতে ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত প্রকৌশলী শাহনেওয়াজ ও তার স্ত্রী সুমাইয়া, তিন ছেলে সারলিন (১৪), জারিফ (১১) ও জারান (১৪ মাস) দগ্ধ হয়।
আগুনে শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ, সুমাইয়া আকতার ৯০ শতাংশ, সারলিনের ৮৮ শতাংশ, জারিফের ৬ শতাংশ এবং জারানের ৭৪ শতাংশ পুড়ে যায়।
সংকটাপন্ন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে ওইদিন বিকালে সারলিন এবং সন্ধ্যায় জায়ান মারা যায়। পরদিন শনিবার বাবা শাহনেওয়াজও (৫০) মারা যান।
ওএফ





