নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের মৃত্যুতে শূন্য ওয়ার্ডের নির্বাচনে তার স্ত্রী ও ভাই মনোয়নপত্র দাখিল করেছিলেন। তাদের দু’জনের মনোয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নারায়নগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা।
নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও ছোট ভাই আব্দুস সালাম ছাড়া আরো দু’জন মনোয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন-ইকবাল হোসেন ও মাসুদ রানা। তাদের মনোয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বাছাই শেষে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. তকদির আহমেদ।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান বলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শূন্য হওয়া ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের দাখিলকৃত কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি। সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচনের বিধি নিষেধ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আগামী ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ওই ওয়ার্ডে নজরুলের পরিবারের প্রার্থী কে থাকছেন সেটা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নজরুলের ভাই আবদুস সালাম ও স্ত্রী সেলিনা ইসলাম বিউটির মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর শুরু হয়েছে দুই জনের সমঝোতার পর্ব। এ দুইজন আগেই জানিয়েছেন, সমঝোতার ভিত্তিতে একজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। আগামী ৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, আমার স্বামীর লোকজনের মুখের দিকে চেয়ে আমি নির্বাচন করতে রাজি হয়েছি। তারাই আমাকে নির্বাচন করতে বলেছেন। আমার দেবরের (নজরুলের ভাই আবদুস সালাম) সঙ্গে মিলে গিয়ে নির্বাচন করা হচ্ছে। মূল বিষয়টা হলো আমাদের পরিবার থেকে যেন প্রার্থী না ছুটে এজন্য আমরা দুইজন মনোনয়ন জমা দিয়েছি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পরিবারের সবাই বসে এক হয়ে যে কোনো একজন নির্বাচন করবো।
নজরুলের ছোট ভাই আব্দুস সালাম বলেন, আমার ভাইয়ের শূন্য আসন বলে আমি প্রার্থী হয়েছি। ভাইয়ের ভাই দেখে শূন্য আসন মনোনয়ন জমা দিয়েছি। আমাদের মাঝে কোনো বিরোধ নেই।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





