ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার বাংলাদেশে পাচার হওয়ার পথে ১০টি দেশি পিস্তল আটক করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণায় বনগাঁ শহরে ওই পিস্তলগুলি ছাড়াও ২০টি গুলি ও প্রায় দু কিলোগ্রাম সাদা গুঁড়োসহ তারা এক ভারতীয় দম্পতিকে আটক করেছে।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি তিওয়ারি জানান, ''ওই দম্পতিকে জেরা করে এটা জানা গেছে যে বিহারের জামালপুর থেকে ওই দেশি অস্ত্র তারা নিয়ে আসছিলেন আর সীমান্তের কাছে অন্য এক ব্যক্তির হাতে সেগুলি তুলে দেওয়ার কথা ছিল।''

''তার আগেই বনগাঁ বাস স্ট্যান্ড থেকে সকালে গ্রেপ্তার করা হয় ভারতীয় নাগরিক ওই দম্পতিকে।''

আব্দুল রউফ মন্ডল আর রহিমা মন্ডল নামের ওই দম্পতিকে প্রাথমিক জেরা করে।

অস্ত্রগুলি দেখে বিএসএফ গোয়েন্দাদের ধারণা বিহারের মুঙ্গেরে এই পিস্তলগুলি তৈরি হয়েছে। মুঙ্গের খুব ভালো মানের অস্ত্র তৈরির জন্য প্রসিদ্ধ। পৃথিবীর যেকোনো দেশের অস্ত্র দেখে অবিকল নকল বানাতে পারেন এখানকার বেআইনি অস্ত্র কারখানার কারিগরেরা।

বিএসএফের কর্মকর্তারা এই অস্ত্র চালান আটক করার পরে দুটি বিষয়ে উদ্বিগ্ন। প্রথমত, এর আগে পশ্চিমবঙ্গের এই অঞ্চল দিয়ে বাংলাদেশে আগে কখনও অস্ত্র পাচার হয়নি। দ্বিতীয়ত, যে অস্ত্রগুলি আটক করা হয়েছে সেগুলি সম্পূর্ণ পিস্তল নয়। মূল অংশ, স্প্রিং, ট্রিগারের মতো বিভিন্ন অংশ আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোয়েন্দারা এখন এটা জানার চেষ্টা করছেন যে পিস্তলের অন্যান্য অংশ কি আলাদাভাবে পাচার করা হচ্ছে?

গোয়েন্দারা আরও জেনেছেন যে গত এক সপ্তাহের মধ্যে এরকমই আরও দুটি অস্ত্রের চালান সীমান্ত পার করে বাংলাদেশের দিকে চলে গেছে।

পিস্তল ছাড়াও প্রায় দু কেজি যে সাদা গুঁড়ো উদ্ধার করা হয়েছে, সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পদার্থটি হাতে নিলে হাত জ্বালা করছে আর জলে মেশালে তা নীল হয়ে যাচ্ছে।– বিবিসি।

এএইচ