নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুন লেগে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে।

চৌমুহনী রেলস্টেশন সড়কের পূর্ব পাশে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লাগা এ আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান।

তিনি বলেন, প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

‘সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ক্রোকারিজ, প্লাস্টিক, কসমেটিকস,গার্মেন্স সামগ্রী ও লাইব্রেরিসহ অর্ধশতাধিক দোকান।’

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।