বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতার চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে সাতক্ষীরা পুলিশ লাইনসের মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রসেনজিৎ, গৌতম ঘোষ ও সৌম্য সরকারের উপস্থিতিতেই পরিবেশিত হয় ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ শীর্ষক গীত আলেখ্য। পরে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও তাদের সহধর্মিণীরা এ তিন ব্যক্তিত্বের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

শুভেচ্ছা বক্তব্যে সৌম্য সরকার সাতক্ষীরার নাম উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চান।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিল’র শ্যুটিং করতে গৌতম ঘোষ ও প্রসেনজিৎ বর্তমানে সাতক্ষীরাতে অবস্থান করছেন। এছাড়া বিশ্বকাপের পর দেশে ফিরে প্রথমবারের মতো নিজ জেলা সাতক্ষীরায় এসেছেন সৌম্য সরকার।

জেএ