নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ৫ মার্চ র্যাব জানিয়েছিলো, অচিরেই তারা আলোচিত এ মামলার চার্জশিট দেবে কিন্তু এখনো তা দেয়া হয়নি।
নিহতের পরিবার চার্জশিট দিতে দেরি হওয়ার জন্য নারায়ণগঞ্জের বতর্মান সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারকে দায়ী করেছে।সেই সঙ্গে মামলার চার্জশিট দ্রুত দেয়ার দাবি জানিয়েছে।তবে শামীম ওসমান এ মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। আর র্যাব বলছে, মামলার তদন্ত চলছে।
ত্বকী হত্যার বিচার দাবি করে ত্বকীর মা বলেন, ত্বকী বেঁচে থাকার সময় যেদিন ব্লগার রাজিবকে মারলো তখন আমি বললাম, দেখো যার যায় তারই যায়। অন্য কারো কোনো কিছু যায় আসে না। তখন ত্বকী আমাকে বুঝায়, কেন মা যে দেশকে ভালোবাসে সে চলে গেলে তখন দেশেরও ক্ষতি হয়। তুমি কেন এমনভাবে ভাবো মা? দেশেরও ক্ষতি হয় সেভাবে ভাবো। ত্বকী দেশকে ভালোবাসতো। বিশ্বে রেকর্ড নম্বর পেলো। এমন ছেলে চলে গেলে দেশের কী ক্ষতি না? দেশ কি এ হত্যার বিচার করবে না? ত্বকী হত্যার সাজা না হলে হত্যাকারীরাই দেশের রোল মডেল হবে।হত্যাকারীরা উৎসাহিত হবে।
ত্বকীর বাবা রফিউর রাব্বি জানান, ২০১৩ সালের ৬ মার্চ অপহৃত হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই ত্বকীর পরিবার হত্যাকাণ্ডেরজন্য এমপি শামীম ওসমান ও তার পরিবারকে দায়ী করে আসছে।
মামলার তদন্ত করতে গিয়ে র্যাব এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সুলতান শওকত ভ্রমর ত্বকী হত্যার জন্য শামীম ওসমানের ভাতিজা আজমীর ওসমানের জড়িত থাকার কথা জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। র্যাব মামলার তদন্ত করতে গিয়ে ২০১৩ সালের ৭ আগস্ট আজমীর ওসমানের কার্যালয়ে অভিযান চালায়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার একটি খসড়া চার্জশিট তৈরি হয়েছে বলে সাংবাদিকদের জানায়।
আজমীর ওসমানের নেতৃত্বে ১১ জন এ হত্যাকাণ্ডঘটিয়েছে জানিয়ে তারা বলেন, অচিরেই এ মামলার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে। তবে এখনো দেয়া হয়নি মামলার চার্জশীট। তিনি বলেন, প্রধানমন্ত্রী না বললে এ মামলার চার্জশিট কখনো দেয়া হবে না।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, তদন্তকারী সংস্থা চার্জশিট তৈরি করলেও ত্বকী হত্যায় অভিযুক্ত খুনী শামীম ওসমান ও তাদের চক্ররা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হত্যার বিচার কাজে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যে গডফাদার শামীম ওসমান ত্বকী হত্যার মামলাটি ভিন্নখাতে পরিচালনা করার জন্য ৮/১০টি তত্ত্ব দিয়েছেন। এসব তত্ত্ব দিয়ে বিচার আটকে রাখা হয়েছে।খুনীদের পক্ষ থেকে চার্জশিট আটকে রাখা হয়েছে। অবিলম্বে চার্জশিট দাখিল করে খুনীদের বিচারের মুখোমুখি করা হোক। দুই বছরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের চিহ্নিত করতে পারে না- তারা এতটা নিচে নেমে যায়নি।
তিনি বলেন, আমাদের তদন্তকারী সংস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তারা খুনীদের বের করে আনবে। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে খুনীদের বিচারে সহায়তা নেব। তিনি আরও বলেন, ওসমান পরিবার যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার প্রমাণ হচ্ছে, আমরা যারা ত্বকী হত্যাকাণ্ড নিয়ে আন্দোলন করছি, তাদের এবং যেসব সাংবাদিক ত্বকী হত্যাকাণ্ডে ব্যাপারে তথ্যবহুল রিপোর্ট করেছে তাদের সবাইকে ওসমান পরিবার হুমকি দিয়েছে। তারা এ হত্যাকাণ্ডেজড়িত না হলে তাদের এত গাত্রদাহ কেন?
গত ২৮ ফেব্রোয়ারি নারায়ণগঞ্জের বন্দরে এক জনসভায় শামীম ওসমানবলেছেন, নারীঘটিত বিষয় নিয়ে ত্বকী খুন হয়েছে। এর সব তথ্যপ্রমাণ রয়েছে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান গণমাধ্যম কর্মীদের জানান, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্ব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আদালতে চার্জশিট দাখিল করব। এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে জবানবন্দি দেয়া এক অভিযুক্ত সুলতান শওকত ভ্রমর জামিনের পর থেকে পলাতক রয়েছেন। তাকে খোঁজা হচ্ছে।
কেএইচ





