মানিকগঞ্জে খাস জমিতে ক্লাবঘর নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে একদল যুবকের হামলায় মোতালেব মোল্লা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অষ্টদোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে মোতালেব মোল্লার মৃত্যু হয়।

আহতরা হলেন- মোতালেব মোল্লার ছেলে মোস্তাফিজুর (৪৬), রফিক (৪৮), সিরাজুল (৩০), মনির (৪৫) ও ভাতিজা আমিনুর (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন ৪/৫ শতাংশ খাস জমি মোতালেব মোল্লা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে স্থানীয় কয়েকজন যুবক ক্লাবঘর নির্মাণের চেষ্টা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবার ওই জমিতে ক্লাবঘর নির্মাণ করতে যায় এসব যুবক। এতে বাধা দিলে যুবকদের হামলায় মোতালেব মোল্লাসহ তার পরিবারের ছয় জন আহত হন।

পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় মোতালেব মোল্লা ও মোস্তাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। পরে, ঢাকায় নেওয়ার পথে মোতালেব মোল্লার মৃত্যু হয়।

মোতালেব মোল্লার ভাতিজা আবদুস সালাম জানান, পার্শ্ববর্তী তেরদোনা গ্রামের শাহিনের নেতৃত্বে ২৫/৩০ জন যুবক এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, ওই জমি তার চাচা মোতালেব মোল্লার নামে লিজ বরাদ্দ রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) অমিনুর ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ