মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক আনসার সদস্য আহত হয়েছেন।

শনিবার (০৭ মে) সকাল সোয়া ১০টায় ওই ইউনিয়নের মিল্কি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় এসআইয়ের একটি ম্যাগজিন ছিনতাই করে নিয়ে যায় তারা।

ওই কেন্দ্রের পিজাইডিং অফিসার হৃদয় কৃষ্ণ মন্ডল জানান, সকাল সোয়া ১০টার দিকে একদল যুবক হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে এসআই রবিউলের মাথায় আঘাত করে। এ সময় তাদের আঘাতে আনসার সদস্য সাইদ হোসেন আহত হন।

খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স আসার আগেই অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, একই ইউনিয়নের কাজী কসবা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমই