আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে।  
বৃহস্পতিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হামীম গ্রুপের প্রায় শতাধিক শ্রমিককে বহন করছিল বলে জানা গেছে।
স্থানীয়রা  জানায়, সকাল ৮ টার দিকে কামারপাড়ায় অবস্থিত হামীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন নামক একটি পোশাক কারখানায় রাতের শিফটের কাজ শেষ করা প্রায় শতাধিক শ্রমিককে নিয়ে ওই গাড়িটি (ঢাকা মেট্রো জ-৫২৮৩) আশুলিয়ার বাইপাইলের দিকে রওনা দেয়। জিরাবো বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৪০ শ্রমিক।
আশুলিয়া থানার অফিসার ইন চার্জ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইম নিউজকে জানিয়েছেন, আহতদের  উদ্ধার করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।
ঢাকা,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ