সাভারে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সাভারে তিন ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুয়েল (৩২), রতন মিয়া (৩০) ও শিপলু (২৮)। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বাবা বাবুল মিয়া জানান, ভোরে তার তিন ছেলে হেমায়েতপুরে এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। যাদুরচড় এলাকায় পৌঁছালে ফয়সাল ও তার লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এসময় তাদের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে গেলে ফয়সাল ও তার লোকজন পালিয়ে যান। পরে প্রতিদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিত্সার জন্য হেমায়েতপুর জামাল ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিত্সক।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম আর