ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বাতকিড়া মোড়ে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে অপর দুইজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহতরা হলেন, আলাল উদ্দিন (৫০), সমির তালুকদার (৩৫), আকবর আলী (৩২)। নিহত অপর দুইজন ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ওই অটোরিকশার তিনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মুক্তাগাছা থানায় নিয়ে গেছে ও অপরজনের মৃতদেহ মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইআর