নারায়ণগঞ্জ নগর বিএনপির সচিবকে ‘রাস্তায় উল্টো করে ঝুলিয়ে দড়ি দিয়ে বেঁধে পেটানোর’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন স্বয়ং নগর বিএনপির সচিব এটিএম কামাল। ওসি আব্দুল মালেক হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।

এটিএম কামাল বলেন, সোমবার বিকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করার পরিকল্পনা ছিল নগর বিএনপির। বেলা সাড়ে ১২টায় সদর মডেল থানার ওসি তাকে ফোন করে তীব্র ভাষায় হুমকি দিতে শুরু করেন। অকথ্য গালমন্দ শেষে বলেন, দেখি আজ কিভাবে অনুষ্ঠান করিস, রাস্তার পাশে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। দেখি তোকে কে বাঁচায়।’

সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, ‘আমি এটিএম কামালকে কোন হুমকি দিইনি। হুমকির অভিযোগ সত্য না। আজ একজন এমপি সাহেবের (শামীম ওসমান) মা মারা গেছেন। এ নিয়ে আমরা খুব ঝামেলায় আছি।

কামাল বলেন, আমরা ফোন করে নিরাপত্তার জন্য ফোর্স চাইনি। ফোর্স চাওয়ার মত কোনও অনুষ্ঠান এটা ছিল না। এটা আমাদের ঘরোয়া সভা।

এআইজে