রাজধানীর বসিলা-সাভার লিঙ্ক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৭টি কিং কোবরা সাপসহ বিষ পাচার চক্রের সঙ্গে জড়িত বাবুল মিয়া (২৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে এবং আটককৃত ওই ব্যক্তিকে অবৈধভাবে সাপ ধরা ও বিষ পাচারের অভিযোগে জেল-জরিমানা করেছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-২ এর একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত নিয়ে এ অভিযান চালান হয়। অভিযানে ১৭টি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, বাবুল মিয়া অবৈধভাবে সাপ ধরে ফার্ম করতে চেয়েছিলেন। সে এসব সাপের বিষ সংগ্রহ করে তা বিদেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

এমআর/জেডআই