টাঙ্গাইলের মির্জাপুরে বিলের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে।

নিহত দুই ছাত্র হলো গোড়াই কটন মিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন ও টাঙ্গাইল বুলবুল একাডেমির নবম শ্রেণির ছাত্র রেদোয়ান সাকিব। শাহাদত গোড়াই নাজিরপাড়া গ্রামের মনির সিদ্দিকী ও সাকিব কালিয়াকৈর উপজেলার রশিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে শাহাদত ও সাকিব গোড়াই বিলে ডিঙি নৌকা নিয়ে বেড়াতে যায়। সেখানে সাকিব পানিতে পড়ে গেলে শাহাদত তাকে টেনে তুলতে চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গোড়াই বিলে গিয়ে ডিঙি নৌকা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়।

মির্জাপুর ফায়ার বিগ্রেডের লোকজনদের খবর দিলে তারা বিকেল ৪টায় বিল থেকে সাকিব ও শাহাদতের লাশ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমকে